আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত ওই দুটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার খবর পান তিনি। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিককে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখার পরামর্শ দেন।
এদিকে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।