আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা নাসির-উদ্দিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থিতার সমর্থন নিতে।
১৯৯৬ সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দায়িত্বের মাধ্যম দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন নাসির-উদ্দিন। এরপর থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন তিনি। এরপর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০৭ সালে সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পান এই নেতা।
স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে নাসির-উদ্দিনের পরিচিতি রয়েছে। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও দলীয় সাংগঠনিক কার্যক্রমেও তাকে সক্রিয় দেখা যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে তাকে আইসিটি আইনে মামলা খেতে হয়েছে। দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মামলায়ও তিনি জেল খেটেছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ চাইলে তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দলের দুর্দিনে যখন অনেকে বিএনপির পরিচয় দিতে ভয় পেতেন, তখনও দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। রাজনৈতিক বিভিন্ন মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাড়িতে হামলাও হয়েছে। তারপরও একদিনের জন্য রাজনীতি থেকে পিছপা হইনি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।
নাসির উদ্দিনের সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। তবে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে।