নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান ও সরিষার বীজ প্যাকেটজাত এবং বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর রথবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকার একটি ধান ভাঙা মিলে অবস্থিত ‘ভাই ভাই বীজ ভান্ডার’-এ বিপুল পরিমাণ ধান ও সরিষার বীজ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাকিল (২৭), পিতা মো. আশরাফুল ইসলাম। সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন ছাড়াই এসব বীজ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল।
পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ নেই। এ ছাড়া প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে পার্বতীপুর, দিনাজপুর, গুরুদাসপুর, নাটোর ও টেবুনিয়া, পাবনা নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও সরিষার বীজও পাওয়া যায়। তবে এসব বীজের বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।