রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণা, অনলাইন জুয়া, মাদক সেবন ও ব্যবসা—নাটোরের লালপুরে এসব অপরাধের মধ্যে যোগসূত্রের চিত্র উঠে এসেছে পুলিশের সাম্প্রতিক তথ্যে। পরিচিতজনের কাছে টাকা চাওয়া থেকে শুরু করে প্রবাসীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, এমনকি জুয়ার আসরে লাখ লাখ টাকা হারানোর ঘটনাও ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পুলিশ। গত আট মাসে সাইবার অপরাধ, জুয়া ও মাদকসংক্রান্ত ১১২টি মামলায় ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত এক মাসেই গ্রেপ্তার হয়েছেন ৪৫ জন।

থানা সূত্রে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে পরিচিতজনের কাছে টাকা দাবি, মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি হাতিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং প্রবাসীদের ব্ল্যাকমেইলসহ নানা কৌশলে প্রতারণা করছেন। স্থানীয়ভাবে তাঁদের অনেকেই ‘হ্যাকার’ নামে পরিচিত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের একটি অংশের মাদক সেবন, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

অপরাধীদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন বলে জানা গেছে। একই ব্যক্তি একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে। এ ছাড়া স্বামী-স্ত্রী এমনকি পুলিশ সদস্যও এসব অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।

প্রতারণার ফাঁদে প্রবাসীরা

প্রতারণার একটি কৌশল সম্পর্কে বিলমাড়িয়া এলাকার এক হ্যাকার জানান, বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইমুতে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে প্রথমে টাকা নেওয়া হয়। পরে নারীকণ্ঠে কথা বলে এবং নারী পরিচয় দিয়ে মোবাইলের পেছনের ক্যামেরার সামনে অন্য একটি ফোনে আগে থেকে সংরক্ষিত নগ্ন ভিডিও দেখানো হয়। প্রবাসীদের কাছে এসব ভিডিওকে লাইভ দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়। একই সময়ে অপর প্রান্তে থাকা ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ করা হয়। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়।

উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক হ্যাকার বলেন, প্রতারণার টাকা দিয়ে তিনি জমি কিনেছেন এবং বাড়ি-গাড়ি করেছেন। অনলাইন জুয়ায় এক দিনেই ৭২ লাখ টাকা হারানোর কথাও জানান তিনি। তার ভাষায়, টাকা যাবে টাকা আসবে। এসব ব্যাপার না। তবে এ বিষয়ে তার বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।

হ্যাকিংয়ের আখড়া হিসেবে পরিচিত বিলমাড়িয়া

স্থানীয়ভাবে বিলমাড়িয়া ইউনিয়নকে হ্যাকিংয়ের আখড়া হিসেবে উল্লেখ করা হয়। বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, বর্তমান সরকার আসার পর পুলিশের তৎপরতায় অনেকে আটক হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ তৎপরতা অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে এবং হ্যাকারদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আট মাসে ২৪০ জন গ্রেপ্তার

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, গত আট মাসে শতাধিক অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে ৩৫টি মামলায় ৯৬ জন, জুয়া প্রতিরোধ আইনে ৯টি মামলায় ৩৭ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৮টি মামলায় ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এসব অপরাধসংক্রান্ত ১১২টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা ২৪০।

ওসি জানান, গত এক মাসে ১৪টি মামলায় গ্রেপ্তার ৪৫ জনের মধ্যে ২২ জন সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনের উভয় ধরনের মামলায় অভিযুক্ত। বাকি ২৩ জন জুয়া, মাদক কিংবা সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে ১৮৬টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, চার শতাধিক সিম কার্ড, ২৪টি মোটরসাইকেল, ৩ লাখ ৬২ হাজার টাকা এবং ইয়াবা ও হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রাত জেগে চলে প্রতারণা, সঙ্গে মাদক সেবন

ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, প্রবাসীরা হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণত রাত জেগে প্রতারণার কাজ করেন তারা। এ সময় তাদের অনেকে বিভিন্ন ধরনের মাদক সেবন করেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইনে, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পুলিশের ভাষ্যমতে, অপরাধগুলোর পারস্পরিক যোগসূত্র শনাক্ত করে অভিযান ও জনসচেতনতা—দুই কার্যক্রমই জোরদার করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও আইনগত পদক্ষেপের মাধ্যমে প্রতারণা, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ন্ত্রণে আসবে।