তানোর (রাজশাহী) প্রতিনিধি
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেছেন বর্তমান চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী পরিচালক (গ্রেড-২) প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কবর জিয়ারতকালে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, ড. এম আসাদুজ্জামান ছিলেন বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থা আধুনিকায়নের অন্যতম পথিকৃৎ। তাঁর দূরদর্শী চিন্তা, উদ্যোগ ও নেতৃত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। একসময়ের পানির অভাব, অনাবাদি জমি এবং খরাপ্রবণতার কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষি ছিল নানা চ্যালেঞ্জের মুখে। সেই বাস্তবতায় সেচ সুবিধা সম্প্রসারণ, গভীর নলকূপ স্থাপন এবং কৃষিজমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে এ অঞ্চলের কৃষি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাঁর উদ্যোগ ও পরিকল্পনার ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সেচনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ বরেন্দ্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
এদিকে বরেন্দ্র অঞ্চলে কৃষি উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের ভাগ্য পরিবর্তনে বিএমডিএ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের স্বপ্ন, চিন্তা ও অবদান। তাঁর হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাঁর কর্মময় জীবন ও অবদান বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়নের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।