আগুন আহমেদ কোরবান ,পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের এক নারী। এ ঘটনায় ওই নারী ও তাঁর বাবাসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুজন স্থানীয় বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীকে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি করে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আটক ওই নারীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০)। অথচ পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করা জন্মনিবন্ধনে তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে দেখানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুবাই যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি। তাঁর দেওয়া পরিচয় ও তথ্য নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়। পরে তাঁকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাবা রশিদউল্লাহ এবং স্থানীয় দুই ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হককে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আব্দুল জলিল পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের একটি মাদ্রাসার সঙ্গে যুক্ত। অপর আটক ব্যক্তি আজিজুল হক উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রেলযোগে ময়মনসিংহের গৌরীপুর হয়ে বাবা-মেয়ে পূর্বধলার পাঠলি গ্রামে আব্দুল জলিলের মাদ্রাসায় আসেন। এর প্রায় দুই মাস আগে কাউসার বিবির জন্মনিবন্ধন করিয়ে দেওয়ার জন্য আব্দুল জলিল আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করেন। পরে আজিজুল হক আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে জন্মনিবন্ধনটি করিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
তবে জন্মনিবন্ধন তৈরির অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষ। তাঁর দাবি, তিনি ওই নারীর জন্মনিবন্ধন তৈরি করেননি। ইউনিয়ন পরিষদে কাজ করা মিঠুন নামের অন্য এক অপারেটর নিবন্ধনটি তৈরি করেছেন। বিষয়টি জানার পর তিনি আগেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, মিঠুন দাসের স্ত্রী আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। তবে মিঠুন দাস কীভাবে ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তৈরির কাজ করেছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, জন্মনিবন্ধনটি আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া সম্পন্ন হওয়ার সুযোগ ছিল না বলে জানা গেছে। ফলে একজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন অনুমোদন করা হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
নিবন্ধন অনুমোদনের আগে আবেদনকারীর পরিচয়, ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, অনুমোদনকারী কর্মকর্তা প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত ছিলেন কি না এবং কোন তথ্যের ভিত্তিতে নিবন্ধনটি অনুমোদন দেওয়া হয়েছিল—এসব বিষয় তদন্তের দাবি রাখে।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি ওই নারীকে নেত্রকোনা থেকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুই রোহিঙ্গা নাগরিক ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে পূর্বধলা থানার হেফাজতে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় দুই রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় দুই ব্যক্তিসহ মোট চারজন পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে পাঠানো হবে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।