ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সঞ্চিতা মন্ডল নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৩টা ৩৭ মিনিটে ঢাকার নিউ লাইফ হাসপাতালের ইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সঞ্চিতা মন্ডল ফরিদপুর শহরের রথখোলা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মন্ডল ও পূজা মন্ডলের মেয়ে। সে গীতা স্কুলের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর প্রথমে সঞ্চিতাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নিউ লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির মামা আকাশ দে জানান।
পরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সঞ্চিতার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।