বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটির আয়োজন করে বাউফল উপজেলা যুবদল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সৈয়দ আহমেদের বাসভবন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাউফল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবির আল আসাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন ও উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম মুন্সি, যুবদল নেতা ও জুলাই যোদ্ধা আলী আজগর সুজন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবির আল আসাদ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে বাউফল উপজেলা যুবদল শিগগিরই আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, অতীতের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাউফলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো সাংগঠনিক তৎপরতা চলতে দেওয়া হবে না। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় যুবদলের আদর্শ ধারণ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে বাউফল পৌর এলাকার সড়কগুলো মুখর হয়ে ওঠে।