বিশেষ প্রতিনিধি: এস কে বাবুল

বাংলাদেশে ভ্রমণ ভিসায় এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা এবং এক স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চীনা নাগরিক চেন ইয়ং (৪১)। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে তাঁর প্রতারণামূলক সম্পর্কের তথ্য উঠে এসেছে।

পুলিশের দাবি, টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হয়ে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন চেন ইয়ং। পরে বিয়ের আশ্বাস দিয়ে স্ট্যাম্পে ভুয়া বিয়ের কাগজ তৈরি করে তাঁদের বিশ্বাস অর্জন করতেন। এরপর ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

চেন ইয়ং গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বয়সী নারী মানিকগঞ্জ সদর থানায় হাজির হন। তাঁদের মধ্যে সাভারের এক নারী তাঁকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, চেন ইয়ংয়ের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধানে অন্তত ১৫ নারীর সঙ্গে এ ধরনের সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী তাঁর দ্বারা ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা তদন্ত করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি এসেছেন। চীনে তাঁর একটি ছোট অটোগ্যারেজ রয়েছে এবং তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর তাঁর কোনো আর্থিক লেনদেন কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা খতিয়ে দেখছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মঙ্গলবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে পরিচয় হয়েছিল তার। বিয়ের আশ্বাস দিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়ার পর ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

ভুক্তভোগীর বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও বিয়ের প্রলোভনে প্রতারণার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁর সঙ্গে যোগাযোগ থাকা নারীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।