ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়াসহ সারাদেশেই বাদ্যযন্ত্র হিসেবে একতারার কদর দিন দিন বাড়ছে। বিশেষ করে বাউল ঘরানার মানুষের কাছে চাহিদা বাড়ছে এই বাদ্যযন্ত্রের। বছরে দুইবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব ও তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে একতারার চাহিদা ব্যাপক বেড়ে যায়। বিদেশেও রপ্তানি হচ্ছে লোকজ এই বাদ্যযন্ত্র।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি হওয়ার কারণে কুমারখালী উপজেলায় ছেঁউড়িয়ায় আখড়াবাড়ির আশপাশে বেশ কয়েকটি একতারা তৈরির কারখানা গড়ে উঠেছে। সারা বছরই এসব কারখানায় তৈরি হয় একতারা। তবে লালন স্মরণোৎসব এলেই কারখানাগুলোতে বাড়ে উৎপাদন। উৎসবকে সামনে রেখে কয়েক হাজার অতিরিক্ত একতারা তৈরি করেন কারিগররা। তখন মেলা প্রাঙ্গণ ও আশপাশের দোকানগুলোতেও অন্যান্য দেশীয় বাদ্যযন্ত্রের তুলনায় একতারা বিক্রি বেড়ে যায়।
লালন শাহর দর্শন ও বাউলসংগীতের সঙ্গে একতারার সম্পর্ক নিবিড়। একতারার সুর ছাড়া লালনসংগীত যেন পূর্ণতা পায় না। এ কারণে লালন আখড়াবাড়িতে আসা ভক্ত, বাউল ও দর্শনার্থীদের কাছে একতারা হয়ে ওঠে অন্যতম আকর্ষণ। কেউ স্মৃতি হিসেবে, কেউ আবার শখের বশে কিনে নেন একতারা। ফলে উৎসবের সময় বাদ্যযন্ত্রের দোকানগুলোতে একতারা বিক্রির ধুম পড়ে যায়।
‘সারাবছরই একতারা তৈরি ও বিক্রি হয়। তবে বছরে দুইবার লালন স্মরণোৎসব ও তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওইসময় একেকটি কারখানায় সর্বনিম্ন চার হাজার থেকে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত একতারা তৈরি হয়। উৎসবের সময় উৎপাদিত এসব একতারার বড় অংশই বিক্রি হয় মেলা প্রাঙ্গণ ও দর্শনার্থীদের কাছে।’
লালন আখড়াবাড়ির আশপাশে ও মেলা প্রাঙ্গণের সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ও হস্তশিল্পের দোকান। এসব দোকানে খমক, দোতারা, হাতবায়া, জিপসি ও ডুগডুগিসহ নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র পাওয়া যায়। তবে বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে একতারা। আকার ও মানভেদে ১০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় প্রতি পিস একতারা।
কারখানার কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, সারাবছরই একতারা তৈরি ও বিক্রি হয়। তবে বছরে দুইবার লালন স্মরণোৎসব ও তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওইসময় একেকটি কারখানায় সর্বনিম্ন চার হাজার থেকে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত একতারা তৈরি হয়। উৎসবের সময় উৎপাদিত এসব একতারার বড় অংশই বিক্রি হয় মেলা প্রাঙ্গণ ও দর্শনার্থীদের কাছে।
লালন মাজার সংলগ্ন একটি বাদ্যযন্ত্রের দোকানের কর্মচারী শান্ত ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সারাবছর আমরা যে পরিমাণ একতারা বিক্রি করি, লালন স্মরণোৎসবে তার চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়। এবারের অক্টোবর মাসে অনুষ্ঠিত লালন তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে ৪-৫ ধরনের আকারের প্রায় তিন হাজার একতারা বিক্রি করেছি। খমক, দোতারা, হাতবায়া ও জিপসিও বিক্রি হয়। তবে এ সময় একতারার বিক্রিই সবচেয়ে বেশি।’
‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একতারার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন- সিলেটে লাউয়ের খোল দিয়ে তৈরি একতারাকে ‘লাউ’ এবং রংপুরে ‘বসমতি’ বলা হয়। পহেলা বৈশাখসহ দেশজুড়ে আয়োজিত গ্রামীণ মেলাগুলোতে কুষ্টিয়ার কারিগরদের তৈরি একতারা এখনো ঐতিহ্যের ধারক হিসেবে সমাদৃত। গ্রামীণ বাউল আসরের গণ্ডি পেরিয়ে দেশের আধুনিক ব্যান্ড ও ফিউশন সংগীতেও একতারার সুর নতুন মাত্রায় যুক্ত হয়েছে।’
কারখানার মালিক আখতারুজ্জামান পিল্টু বলেন, ‘সারাবছরই একতারা তৈরি করা হয়। তবে লালন মেলা উপলক্ষে উৎপাদন বাড়িয়ে ৫-৬ হাজার একতারা তৈরি করতে হয়। পহেলা বৈশাখেও একতারার চাহিদা থাকে। তখন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ১০-১২ হাজার একতারা সরবরাহ করি। পাশাপাশি ডুগডুগিরও ভালো চাহিদা রয়েছে।’
একতারা বাড়ি নামের একটি কারখানার মালিকপক্ষের প্রতিনিধি এস এম জামান জাগো নিউজকে বলেন, ‘সারাবছর আমাদের স্বাভাবিক উৎপাদন থাকে। তবে লালন স্মরণোৎসব উপলক্ষে উৎপাদন ও বিক্রি দুটোই বেড়ে যায়। বছরে দুটি অনুষ্ঠানকে ঘিরে প্রতিটি কারখানায় ৪-৫ হাজার একতারা তৈরি হয়। এসব একতারা মূলত উৎসবেই বিক্রি হয়ে যায়। আবার শীতকালেও একতারার চাহিদা কিছুটা বাড়ে।’
প্রায় ২০ বছর ধরে কারখানায় একতারা তৈরির কাজ করছেন চয়ন। তিনি বলেন, ‘বাঁশ এনে সেগুলো একতারার আকার অনুযায়ী কেটে ও ফিনিশিং করে তৈরির উপযোগী করি। উৎপাদনের ওপর ভিত্তি করে পারিশ্রমিক পাই। এতে প্রতিদিন ৪৫০-৫০০ টাকা আয় হয়। তবে লালন উৎসবের আগে আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। তখন বেশি পরিমাণে একতারা তৈরি করতে হয়। ফলে তখন আয়ও একটু বেশি হয়।’
অপর একটি কারখানার প্রধান কারিগর শাকিব বলেন, ‘আমরা সারাবছর একেকটি কারখানায় ২০-৩০ হাজার একতারা তৈরি করি। তবে লালনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাড়তি ৫-৬ হাজার একতারা তৈরি করতে হয়। মেলায় লোকসমাগম বেশি হলে উৎপাদন আরও বাড়াতে হয়। একতারা তৈরির মজুরি হিসেবে প্রতি পিসে চার টাকা পাই।’
খোঁজ নিয়ে জানা যায়, লালনের মাজারের আশপাশে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া, বিশ্বাসপাড়া, মন্ডলপাড়া, জয়নাবাদ এলাকার শত শত নারী-পুরুষ একতারা তৈরির কাজ করে হয়ে উঠেছেন আত্মনির্ভরশীল। ছেঁউড়িয়ার আখড়াবাড়ির আশপাশে প্রায় বাড়িতেই গড়ে উঠেছে একতারা তৈরির কারখানা।
উৎপাদিত এসব একতারা রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। একতারা তৈরি করে এই এলাকার প্রায় আড়াইশ পরিবার জীবন-জীবিকা নির্বাহ করছে। এর মাধ্যমে অর্থ উপার্জন করে সচ্ছলতাও ফিরেছে অনেক পরিবারে।
এসব কারখানায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, বাটাল, কাঁচি দিয়ে ব্যস্ত সময় পার করেন কারিগররা। একেকটি কারখানায় প্রতিদিন ১০০-২০০ একতারা তৈরি হয়। একতারার দাম শুরু হয় ৪০ টাকা থেকে। তবে বায়না করে আরও সুন্দর করতে চাইলে দামটা এক হাজার ছাড়িয়ে যায়। এসব কারখানা থেকে সারাবছর প্রায় পৌনে দুই লাখের মতো একতারা তৈরি হয়।
কারখানার মালিক-কারিগর ও লালন মাজার সংলগ্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে লালন সাঁইয়ের দুটি অনুষ্ঠান ঘিরে বিক্রি হয় ৫০-৬০ হাজার পিস একতারা। একেকটি অনুষ্ঠানকে ঘিরে ২৫-৩০ লাখ টাকার একতারা বিক্রি হয়। কুষ্টিয়া ছাড়াও ফরিদপুরের বোয়ালমারীসহ দেশের আরও কিছু এলাকায় তৈরি হয় লোকজ বাদ্যযন্ত্র একতারা।
সাইফুল ইসলাম নামের একজন উদ্যোক্তা জানান, কুষ্টিয়ার কারিগরদের তৈরি একতারার ঢাকা, সিলেট, রংপুরসহ বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা রয়েছে। তবে অর্থের অভাব, কুটির শিল্পের তৈরি তৈজসপত্রের উপকরণের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই ব্যবসা। ব্যাপক চাহিদা থাকলেও নানা সংকটে উদ্যোক্তারা মালের জোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রয়োজনের তুলনায় উৎপাদন অনেক কম হচ্ছে। সরকারিভাবে সুদবিহীন ঋণ পাওয়া গেলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটানো সম্ভব।
উদ্যোক্তা আব্দুল মালেক জানান, দিন দিন একতারার চাহিদা বাড়ছে। এখন দিনে ১০০ পিস একতারা তৈরি হয়। যে চাহিদা তাতে আরও বেশি উৎপাদন করা প্রয়োজন।
একতারা বাংলার অন্যতম প্রাচীন লোকবাদ্যযন্ত্র। এর ব্যবহার প্রায় হাজার বছর ধরে চলে আসছে বলে ধারণা করা হয়। একসময় এটি ‘একতন্ত্রী বীণা’ নামে পরিচিত ছিল।
লোকসংস্কৃতি ও সংগীতের ইতিহাসে একতারাকে বাংলার আদি ও অকৃত্রিম লোকবাদ্যযন্ত্র হিসেবে ধরা হয়। গ্রামীণ সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি এই যন্ত্রটি সাধারণ মানুষের সুর-সাধনার সঙ্গী হয়ে ওঠে।
সুনির্দিষ্ট আবিষ্কারের সাল জানা না গেলেও এই অঞ্চলে অন্তত এক হাজার বছর ধরে বাদ্যযন্ত্রটি ব্যবহৃত হয়ে আসছে বলে ধারণা করা হয়।
সংগীতজ্ঞদের মতে, একতন্ত্রী বীণা থেকেই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের অন্যান্য তারের যন্ত্র বা বীণার উৎপত্তি হয়েছে।
তবে একতারার বিকাশ ও জনপ্রিয় বাদ্যযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে বাউল সাধকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মতে, বাউল সাধক লালন শাহর সময়ে এর ব্যবহার ও চর্চা আরও বিস্তৃতি রূপ লাভ করে।
বাংলাদেশে একতারার প্রচলনের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরোনো। একটিমাত্র তারবিশিষ্ট এই প্রাচীন লোকবাদ্যযন্ত্রটি বাংলার বাউল দর্শন ও লোকসংগীতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। প্রাচীনকাল থেকেই বাংলার বাউল, বৈরাগী এবং ফকিররা আধ্যাত্মিক ও মরমি গান গেয়ে পথে-প্রান্তরে ঘোরার সময় যন্ত্রটি ব্যবহার করতেন।
ইতিহাস থেকে জানা যায়, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ফকির লালন শাহ তার দর্শন ও গান ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একতারাকে ব্যাপক জনপ্রিয় করে তোলেন। কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িকে কেন্দ্র করে একতারা নির্মাণ ও চর্চার সমৃদ্ধ ঐতিহ্য গড়ে ওঠে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একতারার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন- সিলেটে লাউয়ের খোল দিয়ে তৈরি একতারাকে ‘লাউ’ এবং রংপুরে ‘বসমতি’ বলা হয়। পহেলা বৈশাখসহ দেশজুড়ে আয়োজিত গ্রামীণ মেলাগুলোতে কুষ্টিয়ার কারিগরদের তৈরি একতারা এখনো ঐতিহ্যের ধারক হিসেবে সমাদৃত। গ্রামীণ বাউল আসরের গণ্ডি পেরিয়ে দেশের আধুনিক ব্যান্ড ও ফিউশন সংগীতেও একতারার সুর নতুন মাত্রায় যুক্ত হয়েছে।