ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

অপরাধীর কোনো দলীয় পরিচয় যেন দায়মুক্তির কারণ না হয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জামায়াতে ইসলামীর নেতারা। সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া যাবে না।

তারা আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।