তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের রামদেবপুর গুচ্ছগ্রামে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং সভাপতি লাইলী বিবিকে (৪৫) পিটিয়ে হাত ভেঙে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় মামুন মিয়ার বিরুদ্ধে। একই গুচ্ছগ্রামের বাসিন্দা আফসার আলীর পুত্র মামুন। মাদক সেবন করে দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে অভিযুক্ত মামুন মিয়ার বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন লাইলী বিবি। অভিযোগে তিনি হামলাকারীর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, লাইলী বিবি তানোর উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়নের রামদেবপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৭ বছর ধরে ওই গুচ্ছগ্রামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিযোগ, একই এলাকার বাসিন্দা মামুন মিয়া প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় গুচ্ছগ্রামে এসে পাড়ার লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়াসহ সাধারণ বাসিন্দারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার মামুন মিয়াকে সতর্ক করেছেন এবং গালিগালাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তার কথায় কর্ণপাত না করে অভিযুক্ত আগের মতোই আচরণ অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২১ নভেম্বর দুপুরে মামুন মিয়া রামদেবপুর আবাসন এলাকায় এসে আবারও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় গুচ্ছগ্রামের সভাপতি হিসেবে লাইলী বিবি তাকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন।
ভুক্তভোগীর অভিযোগ, মামুন মিয়া উত্তেজিত হয়ে দৌড়ে এসে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড় ও থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করে চিৎকার শুরু করলে অভিযুক্ত তার ডান হাত ধরে জোরে মুচড়ে দেন। এতে তার ডান হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একজন নারী এবং দীর্ঘদিনের গুচ্ছগ্রাম সভাপতির ওপর এমন হামলার ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন। লাইলী বিবি আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে মামুন মিয়া তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে তার ও ছেলের বাড়িঘর ভাঙচুর করেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্তের এমন আচরণের কারণে গুচ্ছগ্রামে স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
ঘটনার পর আহত অবস্থায় লাইলী বিবি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। চিকিৎসা নেওয়ার পরও নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে তানোর থানায় উপস্থিত হয়ে মামুন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক (৪৫) ও শহিদুল ইসলাম (৩৫) বলেন, মামুন মিয়া নেশাগ্রস্ত হয়ে অন্যায়ভাবে লাইলী বিবিকে মারপিট করেছে। এ সময় তার শ্লীলতাহানিও হয়েছে বলে তারা জানান।
ভুক্তভোগী লাইলী বিবির দাবি, প্রায় ১৭ বছর ধরে তিনি গুচ্ছগ্রামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এলাকার মানুষের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার স্বার্থেই তিনি মামুন মিয়াকে গালিগালাজ করতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, অভিযুক্তের হুমকির কারণে বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় আবারও হামলা কিংবা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগী।
এ বিষয়ে জানতে চাইলে মামুন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভাই, মিটিংয়ে আছি।” এ সময় তিনি সভায় ব্যস্ত থাকার কথা জানান। পরে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসীর মধ্যে এ ধরনের ঘটনায় উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে একজন নারী গুচ্ছগ্রাম সভাপতির ওপর হামলা, হাত ভেঙে দেওয়া, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ভুক্তভোগী পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, ভুক্তভোগীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে তানোর থানা পুলিশ কী ধরনের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে।