রাজাপুর প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে খামারিদের আরও উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে থাকবে।