রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের উৎপাদিত প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুরসিদা বেগম এবং লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিলুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।