রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অনলাইন জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার পাইকপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে মামুন আলী (১৯), আবদুল কুদ্দুসের ছেলে মিরাজুল ইসলাম (২৫), বেরিলাবাড়ী এলাকার রেজাউল করিমের ছেলে নয়ন আলী (২৭), আট্টিকা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৭), বিদিরপুর এলাকার সুজন কুমারের ছেলে রূপ কুমার (২০) এবং পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার চর রূপপুর নওদাপাড়া এলাকার জালাল হোসেনের ছেলে শিমুল হোসেন (২৪)।
লালপুর থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গোখরাবাদ ফুলতলা মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে মামুন আলী, মিরাজুল ইসলাম, নয়ন আলী, মামুন উদ্দিন, রূপ কুমার ও শিমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।