ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘গার্লস নট ব্রাইডস’ জোট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন।
‘গার্লস নট ব্রাইডস’ বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা একটি বৈশ্বিক জোট। বাংলাদেশে এ নেটওয়ার্কের প্রায় ৩০টি সদস্য সংগঠন রয়েছে। সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মহিলা পরিষদ, এসডিএস, ব্র্যাক ও পরিবার কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বাল্যবিবাহ প্রতিরোধে জেলার কমিটিগুলোকে আরও সক্রিয়, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর সহযোগিতা পেলে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে।