ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার শোভারামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের শোভারামপুর এলাকার শান্তা আক্তার (২৫), জামাল ফকির (৫০) ও শুভ ফকির (২২)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।