বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে একটি মুরগির খামারে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল হাসান জুয়েল সরদারের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে খামারটির বিদ্যুৎ সংযোগে ঝুঁকিপূর্ণ ও ঝুলন্ত তার দেখা গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুরা ইউনিয়নে রাকিবুল হাসান জুয়েলের বসতবাড়ির পেছনে একটি মুরগির খামার রয়েছে। বসতঘরে স্থাপিত বিদ্যুৎ মিটার থেকে প্রায় আড়াইশ ফুট দূরে ওই খামারে ঝুঁকিপূর্ণ ও আলগা (লুজ) তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ টানা হয়েছে। এতে যেকোনো সময় শর্ট সার্কিট কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সংযুক্ত ছবিতেও মিটারের সঙ্গে অগোছালো ও ঝুঁকিপূর্ণভাবে তার সংযুক্ত থাকতে দেখা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান জুয়েল বলেন, ‘একটি মিটার লাগিয়ে আমরা বিদ্যুৎ ব্যবহার করেছি মাত্র। এখন পর্যন্ত মুরগির খামার চালু করিনি। তবে কোনো সমস্যা হলে খুলে ফেলব।’

বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’