যশোর সদর উপজেলা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে বুধবার সকালে যশোর শহরের মুড়লি মোড়ে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ও ভোজগাতী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকালে যশোর শহরের মুড়লি মোড়ে কর্মসূচি শুরু হয়। এ সময় নেতাকর্মীরা মুড়লি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং পরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

এ সময় রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাছুদুর রহমান শামীম, সিরাজ মোল্লা, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেনসহ রামনগর ও ভোজগাতী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে নেতাকর্মীরা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।