তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের নেজামপুর মাঠে এই ঘটনা ঘটেছে। একই পুকুরে পরপর দুবার বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের দেউল গ্রামের ফখরুল ইসলাম কামারগাঁ ইউপির নেজামপুর মাঠে ৫০ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই তাঁর কাছ থেকে পুকুর হাতিয়ে নিতে তৎপরতা শুরু করে কেশরহাট বাকশৈল এলাকার খয়ের আলী ও আব্দুর রব।
ভুক্তভোগী ফখরুল ইসলাম বলেন, এর আগেও একবার তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। সম্প্রতি খয়ের আলী, আব্দুর রব ও হিরা তাঁর পুকুরের পাহারাদারকে মারপিট করে পুকুরপাড় থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা দেয়। এদিকে পাহারাদার না থাকার সুযোগে তাঁর পুকুরে বিষ প্রয়োগ করা হয়। ফখরুল ইসলামের দাবি, খয়ের ও রব তাঁর পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নষ্ট করেছে। এর আগেও বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে খয়ের আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ফখরুল ইসলামের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন। তিনি টাকা না দেওয়ার কৌশল হিসেবে এসব করছেন। এ ঘটনার সঙ্গে তাঁর বা তাঁদের কোনো সম্পৃক্ততা নাই।