ফারুক হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে নিঃস্ব হয়েছেন রিপন মোল্লা নামের এক দোকান কর্মচারী। অগ্নিকাণ্ডে টিনশেড ভবনের ৫টি টিনের চালা, ৫টি ঘরের সমস্ত আসবাবপত্র এবং নগদ টাকা ও সোনার গহনা পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও কম্বল দেন। পরে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।