আলিফ হোসেন, তানোর (রাজশাহী)
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) নির্বাচনী এলাকার উন্নয়নে নিভৃতে ও নিরলসভাবে কাজ করে চলেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। ইতিমধ্যে অবকাঠামো উন্নয়নের জন্য তিনি ২০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ নিয়ে এসেছেন এবং এখনো নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন।
অন্যদিকে গোদাগাড়ীতে নদীভাঙনের বিষয়ে যা কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় এবং ব্যারিস্টার পরিবারের আরেক রত্ন, শরীফ উদ্দিনের ভাতিজা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ রাতুলের প্রচেষ্টায় হয়েছে। তাঁদের হাত ধরে ৭৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ হচ্ছে। সম্প্রতি এটি বলেও গেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ ছাড়া গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) বিদ্যুৎ যাবে, কেউ কল্পনা করেছিলেন? কিন্তু মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছিলেন, তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নে বিদ্যুৎ আনবেন। আল্লাহ তাঁর সেই ইচ্ছা ও পরিকল্পনা কবুল করেছেন। এলাকার জন্য নিরালস প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রীর একান্ত সম্মতিতে সেখানে বিদ্যুৎ যাচ্ছে ইনশা আল্লাহ। অথচ শরীফ উদ্দিনের প্রচেষ্টায় বিএনপির এসব উন্নয়ন কর্মকাণ্ড নিজেদের বলে একটি পক্ষ প্রচার করায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
অন্যদিকে বিএনপির একশ্রেণির নেতাকর্মী বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তাঁরা নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া-পাওয়া বা না-পাওয়া নিয়ে কামড়াকামড়িতে ব্যস্ত। অথচ তাঁদের দলের উন্নয়ন কর্মকাণ্ডের ফসল অন্যরা ঘরে তুলছে। সাধারণ মানুষকে বুঝতেই দেওয়া হচ্ছে না এসব বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড। বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের উচিত বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। তাহলেই সাধারণ মানুষ বিএনপির সঙ্গে অন্য দলের পার্থক্য বুঝতে পারবেন। তখন অন্যরা চাইলেও বিএনপির বিপক্ষে জনমত গড়ে তুলতে পারবে না।