পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এবং সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানান। এ সময় তাঁরা পিরোজপুর জেলা শ্রমিক দলের বিগত কমিটির কার্যক্রমের সমালোচনা করে অভিযোগ করেন, দীর্ঘদিন দায়িত্ব থাকা কমিটির নেতাদের কারণে শ্রমিক দলের সাধারণ সদস্য ও নেতাকর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। তাঁদের দাবি, সংগঠনের সুযোগ-সুবিধা থেকেও সাধারণ নেতাকর্মীরা বঞ্চিত ছিলেন। বক্তারা আরও অভিযোগ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে বিগত কমিটির সংশ্লিষ্ট নেতারা প্রত্যাশিত ভূমিকা পালন করেননি।
এ সময় বক্তব্য দেন পিরোজপুর জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনসান উদ্দিন শেখ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আ. জব্বার মোল্লা, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ এবং জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল শেখসহ অন্যরা।