মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক পেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পেজটি থেকে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জড়িয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। সর্বশেষ দুই সাংবাদিককে কেন্দ্র করে পাল্টাপাল্টি পোস্ট প্রকাশের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন মাই টিভির বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অহিদুজ্জামান ডিউক।
এ বিষয়ে অহিদুজ্জামান ডিউক বলেন, “বাউফল টুডে ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাকে নিয়ে আগেও ষড়যন্ত্র করেছেন। আমি বিশ্বাস করি, মহান আল্লাহই শ্রেষ্ঠ বিচারক। তিনি সঠিক বিচার করবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি দ্রুত এই ফেক আইডির নেপথ্যের মূল হোতাদের খুঁজে বের করবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে ‘খবর আছে’ নামের ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চুকে জড়িয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টটিতে তাঁর পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন ব্যক্তিগত অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর কিছুক্ষণ পর ‘বাউফল টুডে (বিটি)’ নামের আরেকটি ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান ডিউকের ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তাঁকে ‘খবর আছে’ পেজটির নেপথ্যের ব্যক্তি বা পরিচালনাকারী হিসেবে দাবি করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এই বিষয়ে বাউফল টুডে এডমিন সুভাষচন্দ্র শীলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, তার ভিত্তিতে আমি পোস্ট দিয়েছি।
এ বিষয়ে সাংবাদিক অহিদুজ্জামান ডিউক অভিযোগ করেন, ‘খবর আছে’ পেজ থেকে অতীতেও তাঁর বোন নার্গিস আরা খানম এবং তাঁর নিজস্ব ভবন ‘ওয়াদুদ মিয়া প্যালেস’ নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করা হয়েছিল। অথচ এখন তাঁকেই ওই পেজের মূল হোতা হিসেবে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সহকর্মী ও আত্মীয়স্বজনসহ বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে মানহানি ও অপপ্রচারের প্রতিকার চেয়ে তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন।
এদিকে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘খবর আছে’ ফেসবুক পেজের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে সাইবার আইনে মামলা করেছেন। তাঁর বক্তব্য ও অভিযোগ মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য দিতে চান না তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন।
বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর আছে’ নামের পেজটি ভুয়া পরিচয়ে পরিচালিত হচ্ছে বলে তাঁর ধারণা। এ পেজ থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। তাঁকেও ডা. সায়েমের সঙ্গে জড়িয়ে আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, প্রায় তিন বছর ধরে ডা. সায়েমের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। অথচ তাঁকে জড়িয়ে যেসব কথা প্রকাশ করা হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর। তিনি বলেন, “আমি চাই, এই পেজের পেছনে কারা রয়েছে, তাদের পরিচয় প্রকাশ হোক এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক।”
বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, ‘খবর আছে’ পেজের প্রকৃত পরিচালনাকারীদের পরিচয় প্রকাশ করা জরুরি। পেজটি থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে তাঁর দাবি, তদন্তের মাধ্যমে পেজটির পরিচালনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, বাউফল টুডে পেজ থেকে সাংবাদিক অহিদুজ্জামান ডিউককে জড়িয়ে যে পোস্ট দেওয়া হয়েছে, সেটির পক্ষে সংশ্লিষ্টদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ থাকলে তা প্রকাশ করা উচিত। পাশাপাশি ডিউকের সাইবার ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্তকে তিনি আইনি প্রক্রিয়ায় সত্য উদ্ঘাটনের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজ দুটির পরিচালনাকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর আছে’ পেজের বিরুদ্ধে এর আগে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু সাইবার আইনে একটি মামলা দায়ের করেছেন। এটির অনুসন্ধান চলমান রয়েছে। এখন পর্যন্ত এই ফেক আইডির সাথে পরিচালনায় কে আছে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি বা ভুয়া পরিচয়ে পরিচালিত পেজ ব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার চালানো ব্যক্তি ও সামাজিক মর্যাদার জন্য উদ্বেগজনক। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করা প্রয়োজন।
তাঁদের দাবি, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নয়, বরং যথাযথ তথ্য-প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে ‘খবর আছে’ পেজটির প্রকৃত পরিচয় ও পরিচালনাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।