তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীতে কৃষকদের উন্নয়নে সরকারি বরাদ্দ থাকলেও সেই অর্থের সুফল পাচ্ছেন না প্রকৃত কৃষক বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, কারও নাম ব্যবহার করে বরাদ্দ দেখানো হয়েছে, কিন্তু তিনি জানেনই না। কেউ কৃষক না হয়েও হয়েছেন সুবিধাভোগীর তালিকাভুক্ত। আবার ২০ থেকে ২৫ হাজার টাকা বরাদ্দের বিপরীতে কারও হাতে পৌঁছেছে মাত্র এক থেকে পাঁচ হাজার টাকা। শুধু অর্থ বিতরণেই নয়, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন নিয়েও উঠেছে প্রশ্ন। মাঠপর্যায়ে গিয়ে তালিকাভুক্ত অনেক কৃষকের বাড়িতে ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচোর অস্তিত্বও পাওয়া যায়নি। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মের অভিযোগে সরকারি অর্থের ব্যবহার ও প্রকল্পের স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ’ আওতায় গত অর্থবছরে আমের টপ ওয়ার্কিং ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর জন্য বরাদ্দ দেওয়া হয় ১১ লাখ ৮০ হাজার টাকা। প্রকল্পের নথি অনুযায়ী, বিভাগের নয়টি উপজেলার ৩৪ জনকে আমের টপ ওয়ার্কিং প্রদর্শনীর জন্য জনপ্রতি ২০ হাজার টাকা এবং ২০ জনকে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাগজে-কলমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বাড়ানোর উদ্যোগ থাকলেও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে বরাদ্দের অর্থ বিতরণে নানা অসংগতি পাওয়া গেছে। কেউ পুরো টাকা পাননি, কেউ পেয়েছেন বরাদ্দের সামান্য অংশ। আবার কারও নামে অর্থ বরাদ্দ দেখানো হলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যক্তির নামও রয়েছে সুবিধাভোগীর তালিকায়।
প্র প্রকল্পের কৃষক নন, তবু তালিকায় পবা উপজেলার কৃষক সাইদুর রহমানের নাম রয়েছে আমের উপ ওয়ার্কিং প্রদর্শনীর সুবিধাভোগীর তালিকায়। তাঁর নামে বরাদ্দ দেখানো হয়েছে ২০ হাজার টাকা। অথচ তিনি কোনো কৃষক নন। ১৮ বছরের বেশি সময় ধরে সপুরা সিল্কের একটি শোরুমে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। নিজের নামে সরকারি বরাদ্দের বিষয়টি জানতেনও না তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান অভিযোগ করে বলেন, কৃষি অফিসের কর্মকর্তারা তাঁর নাম ব্যবহার করে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তাঁর মতো অন্য কারও নাম ব্যবহার করে বরাদ্দ দেখানো হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি আরও বলেন, সুবিধাভোগীর তালিকায় নাম থাকলেও আমি অর্থ ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আমার কিছুই জানা নেই। ২৫ হাজারের বরাদ্দে কৃষক পেলেন এক হাজার একই ধরনের অভিযোগ পাওয়া গেছে, তানোর, বাগমারা, দুর্গাপুর, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলায়। এসব এলাকার একাধিক কৃষক জানান, তাঁদের নামে বরাদ্দ থাকলেও পুরো অর্থ দেওয়া হয়নি। কারও হাতে পৌঁছেছে এক বা দুই হাজার টাকা, কারও পাঁচ হাজার টাকা। আবার কয়েকজন বরাদ্দের বিষয়ে কিছুই জানতেন না।
মোহনপুরের কৃষক আবদুর রশিদ মোল্লার নামে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল ২৫ হাজার টাকা। অথচ তিনি পেয়েছেন মাত্র এক হাজার টাকা। জানতে চাইলে তিনি বলেন, ‘কৃষি অফিসের কর্মকর্তারা আমাকে অফিসে ডেকে নিয়ে হাতে এক হাজার টাকা ধরিয়ে দিয়েছেন। তাহলে বরাদ্দের বাকি অর্থ কোথায় গেছে, কার মাধ্যমে বিতরণ হয়েছে এবং প্রকল্পের নথিতে কীভাবে ব্যয় দেখানো হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।’
কাগজে প্রদর্শনী মাঠে নেই কেঁচো-কম্পোস্ট অর্থ বিতরণের পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন নিয়েও রয়েছে প্রশ্ন। ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর জন্য তালিকাভুক্ত অধিকাংশ কৃষকের বাড়িতে সরেজমিনে গিয়ে ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচোর অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ প্রতিটি প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল ২৫ হাজার টাকা।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রকল্প পরিচালক এস এম হাসানুজ্জামান বলেন, এই প্রকল্পের অর্থ আমরা পাশ করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিতরণ করেছি। এক্ষেত্রে কিছু যোগাযোগ আমরাও জানতে পেরেছি। সেই অভিযোগের বিষয়ে তদন্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি শাস্তিমূলক বদলি করা হতে পারে।
এদিকে অভিযোগের বিষয়ে রাজশাহীর বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক দাবি করেন, কৃষকদের মধ্যে বরাদ্দের অর্থ বিতরণে কোনো অনিয়ম হয়নি। সঠিক কৃষকদের নিয়ে তালিকা তৈরির পাশাপাশি সুষ্ঠুভাবেই বরাদ্দের অর্থ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান বলেন, কৃষকদের নামে বরাদ্দের অর্থ নয়ছয়সহ এসব বিষয়ে কোনো অভিযোগ আমার জানা নেই। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সাবিনা বেগম বলেন, তদন্তে কোনো কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের উপকরণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।