আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার করার পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজিজুল ইসলাম।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল। এ প্রসঙ্গে যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, তাকে আটকের সংবাদ শুনেছি আইনের অন্যান্য ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তিনি বলেন, সাবেক এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে কেশবপুর থানায় ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে করা ১০টি জিআর মামলা আদালতে বিচারাধীন রয়েছে।