ফারুক হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘মহিদুল ইসলাম ফার্মেসি’র স্বত্বাধিকারী মো. মহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত তাহের মণ্ডল, সাং- চেউখালীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘রইচ উদ্দিন ফার্মেসি’র স্বত্বাধিকারী মো. রইচ উদ্দিন (৪৯), পিতা- শমসের আলী, সাং- চেউখালীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ের কাছ থেকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি প্রতিরোধ এবং অবৈধ ওষুধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।