চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৩ নভেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এসআরবি-৫। এ সময় অভিযানে দুজনকে আটক করতে সক্ষম হয় এসআরবি। সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৫-এর মিডিয়া সেল।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে ব্যাপক তল্লাশির পর যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭ শ টাকাসহ আসামি আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানি কমান্ডার আরও জানান, আসামি আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতির মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে। এ ছাড়া আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র কেনাবেচার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং এ বিষয়ে আর কেউ জড়িত আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।