অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে কোচিং শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীর মুখ চেপে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রহমান লাল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় অভিযুক্ত আব্দুর রহমান লালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক হঠাৎ পেছন থেকে এসে তার মুখ চেপে ঝাপটে ধরে যৌন হয়রানি ও শ্লীলতাহানি ঘটায়। পরে ওই শিক্ষার্থী পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। অভিযুক্ত আব্দুর রহমান একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাদের প্রস্তাব না মেনে থানায় মামলা করার পর থেকে বিভিন্নভাবে ওই ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুর রহমান লাল এর আগেও এক স্কুলছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। তবে লালের ভয়ে তারা মুখ খুলতে পারেনি।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।