ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০১ বোতল ভারতীয় মদসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামের আ. খালেকের ছেলে আজিজুল ও হাবিকুল। তারা সম্পর্কে আপন দুই ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ধোবাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এসআই হারুন ও এসআই আজিজুল হক। এ সময় তাদের সঙ্গে ছিলেন এএসআই শরিফ ও কনস্টেবল মোতাহার হোসেন।
অভিযানকালে দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধোবাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।