শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে যেন কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে কৃষি উৎপাদন ও কৃষির আবাদ বৃদ্ধি করতে পারে। তিনি আরও বলেন, কৃষকরা যেন উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার জমিতে বপন করতে পারে। সর্বশেষ তিনি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, খেসারি এবং মুগ বীজ ও সার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন এবং বিতরণ করেন।

উল্লেখ্য রবি মৌসুমে ২৫০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়েছে। ১০০ জনকে ৮ কেজি করে খেসারি বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি এবং ১০ জনকে ৮ কেজি করে মুগ বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।