মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার ২৩ নভেম্বর মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্যাস সিলিন্ডার, সার, কীটনাশک, বীজ, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে ইছাখাদা বাজারের মেসার্স আকবর এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান না করার সত্যতা পাওয়া যায়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিকে পূর্বেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।

তদারকিতে দেখা যায়, সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা খুচরা মূল্যের গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পাইকারি মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে ১টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা জনাব মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।