জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন। মেয়ের বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুনট কোল্ড স্টোরেজ সংলগ্ন নান্দাইল দিঘী রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়পত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরবানু নান্দাইল দিঘী যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাতা এনামুল জানান, সকালে তাঁর শাশুড়ি নান্দাইল দিঘীর চকমুড়লী এলাকায় তাঁর বাড়িতে আসছিলেন। পথে পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং মারা যান।

অন্যদিকে মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক বলেন, তিনি কাজের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। পুনট কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে ওই নারী হঠাৎ রাস্তা পার হতে সড়কে উঠে আসেন। হর্ন বাজালেও তিনি শুনতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে; এতে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন তিনি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারীর মরদেহ থানায় নেওয়া হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিধি মোতাবেক মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।