ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কে চাচা। গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ। বিকেলে এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার আবদুল মালেক সর্দার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।