ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশরাফুল উকিল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশী সম্পর্ক ছিল।

২০২৪ সালের ১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটির মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় আশরাফুল তাদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ঘরে গিয়ে দেখেন, আশরাফুল দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তাকে যৌন নিপীড়ন করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়েছে।

এ ঘটনায় ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশরাফুলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি তিনি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের প্রবণতা কমাতে রায়টি ভূমিকা রাখবে।