মুকসুদপুর প্রতিনিধি
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।