ফরিদপুর প্রতিনিধি
অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে। এ অভিযানে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১৪টি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ছয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, সড়কবাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
এ সময় মধুখালী জোনাল অফিসের আওতাধীন চরমহিষাপুর এলাকায় সার্ভিস ড্রপ ছিদ্র করে সরাসরি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ঘটনা ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট মিটার ও সার্ভিস ড্রপ অপসারণ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।