ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মাঠজুড়ে এখন নতুন ধানের মিষ্টি গন্ধ। আমনের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনক্ষেতে পানি জমে বিপাকে পড়েছেন কৃষকরা। কাটা ধান জমিতে পড়ে থাকায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, যেসব কৃষক এখনো পাকা ধান কাটতে পারেননি, তারাও রয়েছেন দুশ্চিন্তায়।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর কুষ্টিয়ায় প্রায় ৮৯ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ফলন ভালো হলেও বেড়েছে উৎপাদন খরচ। সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। বিপরীতে বিঘাপ্রতি ২০ থেকে ২৪ মণ ধান উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার কৃষক মো. আব্দুল কুদ্দুস বলেন, এ বছর আমন ধানের বেশ ভালো ফলন হচ্ছে। বিঘাপ্রতি কমপক্ষে ২০ মণ ধান হচ্ছে। অনেকের ২৪ মণও হচ্ছে। তবে ধান চাষের উৎপাদন খরচ বেড়েছে। সার ও তেলের দাম বাড়ায় বিঘাপ্রতি খরচ হয়েছে কমপক্ষে ১২ হাজার টাকা। কারো আরো বেশি। হঠাৎ বৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হবে।
কৃষকদের দাবি, সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ করা না হলে ধান চাষ নিয়ে শঙ্কায় পড়বেন তারা। পাশাপাশি উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের দাম বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানান, চলতি বছর জেলায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ জমি থেকে হেক্টরপ্রতি ৩ দশমিক ৬৪ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
কৃষক ও সংশ্লিষ্টদের মতে, উৎপাদন খরচ না কমলে ভবিষ্যতে ধানের আবাদ কমতে পারে। এতে চালের আমদানিনির্ভরতা বাড়ার আশঙ্কা রয়েছে।