সদর উপজেলা প্রতিনিধি, যশোর: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ২০ নভেম্বর ৬২ বছরে পদার্পণ করলেন। এ উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, ফারুক হোসেন এবং নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে যশোর রেলস্টেশন মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খান বিএনপি ও যুবদলের নেতারা।
প্রসঙ্গত ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। ৬১ বছর পূর্ণ করে শুক্রবার তিনি ৬২ বছরে পদার্পণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। তার পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তার বাবা, মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তার প্রত্যাবর্তন ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।