ফারুক হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আবারও সড়কের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গোরস্থান মোড় এলাকায় পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কে বা কারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এ সময় পথচারীরা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।