ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দীলিপ ওরফে টুটুল পাল (৫৩) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত টুটুল পাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার পালপাড়া এলাকার দশরত পালের ছেলে। তিনি মিরপুরের মশান এলাকার একটি কারখানায় কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের নওপাড়া বাজারের সন্নিকটে ডানে মোড় নেওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাঁর সহকর্মী এবং স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।