ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কানাইপুর হলপট্টিতে অবস্থিত ‘মিহির থাইগ্লাস অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানে এ চুরি সংঘটিত হয়।
জানা গেছে, চোরেরা দোকানের পেছনের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
দোকানের স্বত্বাধিকারী মিহির মণ্ডল জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। শুক্রবার সকালে দোকান খুলে ক্যাশ বাক্স ভাঙা ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে দোকানের পেছনের টিনের চাল খোলা অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।