পিরোজপুর প্রতিনিধি

‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের পিরোজপুর ইউনিটের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম তালুকদার একাডেমির প্রধান শিক্ষক মনীজা খানম, পিরোজপুর সরকারি শিশু পরিবার (বালিকা)এর উপতত্ত্বাবধায়ক শাবানা খানম এবং সরকারি গণগ্রন্থাগার, পিরোজপুরের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার। ভ্রাম্যমাণ লাইব্রেরির পিরোজপুর ইউনিটের ইনচার্জ এস এম নাহিদুর রহমানের সঞ্চালনায় শিশু পরিবারের শিক্ষার্থীদের দলীয় সংগীত ‘আলো আমার আলো’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে শিশু পরিবারের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, গজল ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের ‘মাসিক আড্ডা’ অনুষ্ঠানের মাধ্যমে বই পুরস্কার দেওয়ার বিষয়টি জানানো হয়।

আলোচনা পর্বে অতিথিরা বিশ্ব যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা, জ্ঞান ও মননশীলতার বিকাশে বই পড়ার বিকল্প নেই। আলোকিত ও মানবিক সমাজ গঠনে তরুণদের বেশি বেশি বই পড়ার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা। আব্দুস সালাম তালুকদার একাডেমির প্রধান শিক্ষক মনীজা খানম শিশু পরিবারের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষ হয়ে এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।’ এ সময় তিনি ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রমের গুরুত্ব ও উপযোগিতা তুলে ধরে এ উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে পাঠকদের মধ্যে বই আদান-প্রদান ও পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংঘের মাধ্যমে নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে।