বরাত আলী তালুকদার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধারালো অস্ত্রের হামলায় আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মজিবর রহমান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে একদল দুর্বৃত্ত পেছন থেকে তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

নিহতের মামা আছির উদ্দিন জানান, আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক হলেও দলটির কোনো পদে ছিলেন না।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।