পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রুবী বেগম (৫১) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার দিন রুবী বেগমের বাগানবাড়ি থেকে জোরপূর্বক সুপারি ও নারকেল পেড়ে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী সোহেল শেখ (৫১) ও মো. আলামীন গাজী (৪৯)-কে বাধা দেন রুবী বেগম। এ সময় সোহেল শেখ, তাঁর স্ত্রী মনিরা বেগম (৪০) এবং আলামীন গাজীর স্ত্রী রুবী বেগম (৩৫) মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রুবী বেগমের প্রতিবন্ধী স্বামী মো. মন্নাফ শেখ স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রুবী বেগমকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে এর আগেও তাঁদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় নন-এফআইআর মামলা নম্বর ১৭০/২০২৬ রয়েছে বলেও জানা গেছে।
এদিকে, সোহেল শেখ ও আলামীন গাজীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা অভিযোগ করেন, ভয়ে অনেকেই তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।