আগুন আহমেদ কোরবানঃ
নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গ্রামীণ ব্যাংকের বালুচড়া বাজার শাখার এরিয়া ম্যানেজার শ্যামল কুমার দাস বলেন, নৈশপ্রহরীর চিৎকার শুনে বাজারের পাহারাদার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আগুন শুধু বারান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।