আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২) যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুর বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে। ভুক্তভোগীর আদালতে দায়ের করা নালিশি অভিযোগ কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী (১৯) যশোরের জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এ সময় শিক্ষক রাসেল পারভেজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে ওই তরুণী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়।
আরো জানা গেছে, ভুক্তভোগীর বিয়ের পর পুরোনো সম্পর্ক ও ব্যক্তিগত তথ্য প্রকাশের ভয় দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রতারণা করতে থাকেন অভিযুক্ত রাসেল পারভেজ। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর সকালে শেখহাটি বাবলাতলা এলাকায় তরুণীর স্বামীর ভাড়া বাসায় গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বামী বাসায় এসে দুজনকে দেখে ফেলেন। এ ঘটনার জেরে স্ত্রীকে তালাক দেন স্বামী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অপরাধ স্বীকার করে এবং আইন অনুযায়ী ভুক্তভোগী ওই নারীকে বিয়ে করার লিখিত অঙ্গীকারনামা দেন অভিযুক্ত রাসেল পারভেজ। তবে অভিযুক্ত পরবর্তী সময়ে সেই অঙ্গীকার অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে নালিশি অভিযোগ করলে আদালতের নির্দেশে তা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।