ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আবু বাক্কার (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসারের ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বাক্কারের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।