চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাকলাইন হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার হাসান আতিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপকারভোগী কৃষক-কৃষাণী প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মো. সাকলাইন হোসেন জানান, ৯ হাজার ৪২৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর, খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৯ হাজার ৩০০ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার; ৭৫ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য মসুর বীজ ৫ কেজি, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে খেসারি বীজ ৮ কেজি, এমওপি সার ৫ কেজি ও ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন আমাদের কৃষক। উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সরকার নিয়মিতভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করছে। সঠিক সময়ে এই সার ও বীজ জমিতে ব্যবহার করবেন, এতে করে আপনাদের ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন।