পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও উপজেলা সদরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির শহরের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া মজিবুর রহমান খালেকের মালিকানাধীন একটি চালকলেও হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার নাজিরপুর উপজেলা ও পিরোজপুর শহরের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে মহাসড়কের পাশে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব ঘটনা ঘটে। তবে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সেখানে ভাঙচুরের চিহ্নও পাওয়া গেছে।
এদিকে, বুধবার গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটি সংস্কার করে বসবাসের উপযোগী করার কাজ শুরু করা হয়েছিল।
সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক অজ্ঞাত স্থান থেকে সাংবাদিকদের জানান, বুধবার রাতে তাঁদের বাড়িতে আবারও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা পিরোজপুরের পাড়েরহাট এলাকায় তাঁর মালিকানাধীন একটি চালকলেও হামলা চালায়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি সংস্কারকাজ শুরু হওয়ায় বাড়িটি আবার বসবাসের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুটি ঘটনার কোনোটিতেই তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।